
প্রিয় উপজেলাবাসী, আসসালামু আলাইকুম।
আপনারা আমাকে নির্বাচিত করলে একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার প্রধান দায়িত্ব ও ব্রত হলো আপনাদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং সকল প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমাদের উপজেলায় কোন কোন দপ্তর কাজ করে, আপনারা সেখান থেকে সরাসরি কী কী সেবা পাবেন এবং কোনো অনিয়ম বা হয়রানি ছাড়া আমি কীভাবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রতিটা সেবা নিশ্চিত করব, তার একটি বিস্তারিত বিবরণ আপনাদের সামনে ধাপে ধাপে উপস্থাপন করছি।
প্রথমত, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আপনারা উপজেলা প্রশাসনের সামগ্রিক সমন্বয়, প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ ও পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ, বিভিন্ন ধরনের অনুমতি ও অনুদান এবং মোবাইল কোর্ট সংক্রান্ত সেবা পেয়ে থাকেন। আমি চেয়ারম্যান হিসেবে এই দপ্তরের সকল ত্রাণ ও ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখা প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা শতভাগ স্বচ্ছতার সাথে ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক প্রকাশ্যে টানিয়ে দেব। কোনো ধরনের স্বজনপ্রীতি বা অর্থের বিনিময়ে তালিকা তৈরি কঠোরভাবে প্রতিরোধ করা হবে এবং প্রকৃত অভাবী মানুষ যেন তাদের হক পায় তা নিশ্চিত করা হবে।
দ্বিতীয়ত, সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় ও ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনারা জমির ই-নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি বন্দোবস্ত ও ডিসিআর সংক্রান্ত সেবা পান। জমি সংক্রান্ত সেবায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হন। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে ভূমি অফিসে দালালচক্রের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করব। নামজারি ও অন্যান্য কাজের ক্ষেত্রে সরকারি নির্দিষ্ট ফি এবং সময়সীমা বড় ডিজিটাল বোর্ডে টানিয়ে রাখা হবে। নির্দিষ্ট সময়ে ফাইল নিষ্পত্তিতে কোনো কর্মকর্তা বা কর্মচারী গাফিলতি করলে বা অতিরিক্ত অর্থ দাবি করলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তৃতীয়ত, মডেল থানা বা পুলিশ স্টেশন থেকে আপনারা নিরাপত্তা রক্ষা, জিডি গ্রহণ, মামলার এফআইআর, পাসপোর্ট ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবা পান। পুলিশি সেবাকে সম্পূর্ণ দালালমুক্ত করা হবে। জিডি বা এফআইআর করার জন্য কোনো টাকা লাগে না, এই বিষয়টি নিয়ে সর্বসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হবে। পাসপোর্ট ভেরিফিকেশনের নামে বা সাধারণ মানুষকে হয়রানি করে টাকা আদায়ের সুযোগ বন্ধে আমি থানা কর্তৃপক্ষের সাথে সাপ্তাহিক সমন্বয় বৈঠক করব এবং ভুক্তভোগীদের সরাসরি আমার কাছে অভিযোগ জানানোর সুযোগ থাকবে।
চতুর্থত, সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে আপনারা জমি ও সম্পত্তি রেজিস্ট্রি, হেবা, দানপত্র, বায়নাপত্র এবং দলিলের সার্টিফাইড কপি পাওয়ার সেবা পান। জমি রেজিস্ট্রিতে মুহুরি বা অন্য কোনো চক্রের মাধ্যমে সিন্ডিকেট তৈরি করে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়ার চর্চা বন্ধ করা হবে। সরকারি রেজিস্ট্রি ফি এর তালিকা প্রকাশ্য স্থানে টাঙানো হবে এবং অতিরিক্ত টাকা দাবির কোনো অভিযোগ পেলে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করা হবে।
পঞ্চমত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনারা জরুরি বিভাগ, বহিঃবিভাগ, বিনামূল্যে ওষুধ গ্রহণ, প্যাথলজি, এক্স-রে পরীক্ষা এবং অ্যাম্বুলেন্স সেবা পেয়ে থাকেন। সরকারি হাসপাতালের বিনামূল্যে সরবরাহকৃত ওষুধ যেন কোনোভাবেই বাইরে বিক্রি না হয় এবং সঠিক রোগীরা পান, তার জন্য একটি তদারকি টিম থাকবে। ডিউটি চলাকালীন ডাক্তাররা যেন অনুপস্থিত থেকে প্রাইভেট ক্লিনিকে রোগী না পাঠান এবং সরকারি ডায়াগনস্টিক সুবিধা যেন সচল থাকে তা নিশ্চিত করা হবে। অ্যাম্বুলেন্সের সঠিক ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।
ষষ্ঠত, উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয় থেকে আপনারা ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক, আধুনিক কৃষি যন্ত্রপাতি, গবাদিপশুর চিকিৎসা, ভ্যাকসিন এবং মৎস্য চাষের পরামর্শ পান। সকল প্রকার সরকারি কৃষি প্রণোদনা ও ভর্তুকির সার-বীজ সরাসরি প্রকৃত কৃষক ও খামারিদের হাতে তুলে দেওয়া হবে। ভূয়া কৃষক সাজিয়ে তালিকা তৈরি করা বা সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করা হলে ডিলারশিপ বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সপ্তমত, উপজেলা প্রকৌশলীর কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে আপনারা রাস্তাঘাট, কালভার্ট, সরকারি ভবন নির্মাণ ও সংস্কার এবং বিনামূল্যে বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ ও স্যানিটেশন সুবিধা পেয়ে থাকেন। রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণে ঠিকাদারি কাজের গুণগত মান তদারকি করতে একটি উন্মুক্ত তদারকি কমিটি থাকবে। নিম্নমানের কাজ করে বিল তোলার সুযোগ থাকবে না। গভীর নলকূপ বা স্যানিটেশনের জন্য দরিদ্র মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি সম্পূর্ণ বন্ধ করা হবে।
অষ্টমত, উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আপনারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ সুবিধা লাভ করেন। বয়স্ক বা প্রতিবন্ধী ভাতার কার্ড পাওয়ার জন্য কাউকেই এক টাকাও ঘুষ দিতে হবে না। সরাসরি উন্মুক্ত স্থানে সকল আবেদন যাচাই-বাছাই করে প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের ভাতার আওতায় আনা হবে এবং ডিজিটাল পদ্ধতিতে সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানো নিশ্চিত করা হবে।
নবমত, উপজেলা শিক্ষা কার্যালয় প্রাথমিক ও মাধ্যমিক থেকে আপনারা বিনামূল্যে নতুন বই বিতরণ, শিক্ষার্থীদের উপবৃত্তি ব্যবস্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি সংক্রান্ত সেবা পান। উপবৃত্তির টাকা গ্রহণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন সংস্কার ও উপবৃত্তির তালিকায় স্বজনপ্রীতি বন্ধে নিয়মিত সারপ্রাইজ ভিজিট করা হবে।
দশমত, উপজেলা নির্বাচন কার্যালয় থেকে আপনারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন, নতুন ভোটার হওয়া এবং ভোটার এলাকা স্থানান্তর সংক্রান্ত সেবা পান। ভোটার কার্ড সংশোধন বা নতুন ভোটার হওয়ার নামে দালালদের মাধ্যমে অর্থ লেনদেন বন্ধে সরাসরি হেল্পডেস্ক চালু করা হবে। নির্ধারিত সময়ে সাধারণ নাগরিক যেন ঝামেলা ছাড়াই তাদের সেবা পান তা নিশ্চিত করা হবে।
একাদশতম, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আপনারা নতুন বিদ্যুৎ সংযোগ, মিটার পরিবর্তন ও ভুল বিল সংশোধনের সেবা পেয়ে থাকেন। বিদ্যুৎ সংযোগের নামে দালালচক্রের অপতৎপরতা বন্ধ করা হবে। নতুন মিটারের আবেদন থেকে শুরু করে মিটার স্থাপন পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং ভুতুড়ে বিলের সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের সাথে নিয়মিত গণশুনানির আয়োজন করা হবে।
সর্বোপরি, এই সকল সেবা সঠিকভাবে আপনারা পাচ্ছেন কিনা তা তদারকি করার জন্য আমার কার্যালয়ে একটি সরাসরি অভিযোগ ও মতামত বক্স স্থাপন করা হবে এবং একটি বিশেষ হটলাইন নম্বর চালু থাকবে। প্রতি মাসে উন্মুক্ত গণশুনানির আয়োজন করা হবে যেখানে আপনারা সরাসরি আপনাদের সমস্যা ও অভিযোগ আমার কাছে তুলে ধরতে পারবেন। আপনার অধিকার, আপনার সেবা, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই আপনার হাতে পৌঁছানোই আমার মূল অঙ্গীকার।
মো. নিলয় পারভেজ-এনপি
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল।